সায়েম মাহমুদ,
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, রক্তে কেনা স্বাধীনতা বিফল হতে দেওয়া যাবে না। এই দেশের মানুষ ন্যায় ও ইনসাফের জন্য একাত্তরে একবার জীবন দিয়েছিলো। আরেকবার জীবন দিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্তসহ যাদের রক্তের বিনিময়ে আমরা ছত্রিস জুলাই পেয়েছি তাদের রক্ত বৃথা যেতে দেবো না। সততা ও ইনসাফের ভিত্তিতে দেশ গড়ে আমরা শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শ্লোগান সর্বস্ব কোনো দল নয়। জামায়াতে ইসলামী কাজে বিশ্বাসী। জামায়াত একটি আন্দোলনের নাম। এছাড়াও বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যাংকারদের উপর কর্তৃপক্ষ কর্তৃক কোনো অন্যায্য সিদ্ধান্ত আসলে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুক্রবার বিকেলে পটিয়া সদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলার যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সুন্দর দেহ, সুন্দর মন-দ্বীন কায়েমের আন্দোলন’ এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, যুবকরা দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশের যুবকদের নৈতিকতার পাশাপাশি দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। সৎ ও দক্ষ যুবকরা এগিয়ে আসলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
পটিয়া উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম-১২ (পটিয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা: ফরিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, সেক্রেটারী শাহাদাত হোসাইন, মাওলানা আলহাজ্ব আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী গাজী আসলাম চৌধুরী, পটিয়া পৌরসভা জামায়াতের আমীর মাস্টার সেলিম উদ্দীন, কালারপুল থানা জামায়াতের আমীর মাস্টার নাছির উদ্দিন, উপজেলা সেক্রেটারী আনোয়ার আলম, পৌরসভা সেক্রেটারি রাশেদুল ইসলামসহ প্রমুখ।