চট্টগ্রামে আরও ২৪৬ জনের দেহে করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৮:৪৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০ ৭১৬ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে ১ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৪৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২১২ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ৭ হাজার ৪৬৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৬০ জন।
শুক্রবার (২৬ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১০ জন নগরের ও ৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ১০০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২ জন নগরের ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জন ও বিভিন্ন উপজেলার ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৭৮ জন নগরের ও ৫ জন উপজেলার।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫৯ জন ও উপজেলার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণ ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা ধরা পড়েছে; এর মধ্যে ৫৮ জন নগরের ও চারজন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে একটিতে করোনার জীবাণু মিলেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ৪, বাঁশখালীর ১, আনোয়ারার ৩, চন্দনাইশের ৫, পটিয়ার ২, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১, ফটিকছড়ির ১, হাটহাজারীতে ৮, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ২ জন আছেন।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ জন; এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৯০৮ জন করোনা রোগী।










