কক্সবাজার বাঁচাতে প্রধানমন্ত্রীর ‘মহাপরিকল্পনা’
- আপডেট সময় : ১০:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ১৮২ বার পড়া হয়েছে
কক্সবাজার বাঁচাতে প্রধানমন্ত্রীর ‘মহাপরিকল্পনা’
পর্যটন নগরী কক্সবাজারকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে ‘মহাপরিকল্পনা’ তৈরির নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় কক্সবাজারের উন্নয়নে গৃহীত একটি প্রকল্প অনুমোদনকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানান পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন।
তিনি সাংবাদিকদের বলেন, “কক্সবাজারকে ‘বাঁচানোর জন্য’ একটি ‘মাস্টারপ্ল্যান’ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি ডিসিকেও বলেছি এমনভাবে মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে যাতে যত্রতত্র কেউ অবকাঠামো তৈরি করতে না পারে।”
প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ থেকে কক্সবাজারকে বাঁচাতে সমুদ্রকূলে ঝাউ গাছ লাগানোর নির্দেশও দেন। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বঙ্গোপসাগরের কোলঘেঁষে মেরিন ড্রাইভ নামে সড়ক নির্মাণ প্রকল্প চলমান। তবে অনেক জায়গায় ওই সড়ক ভেঙে যাচ্ছে।










