Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ গণপরিবহন নেতাদেরকে সড়কের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগের কথা জানান কক্সবাজার পুলিশ সুপার

গণপরিবহন নেতাদেরকে সড়কের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগের কথা জানান কক্সবাজার পুলিশ সুপার

গণপরিবহন নেতাদেরকে সড়কের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগের কথা জানান কক্সবাজার পুলিশ সুপার

এম এ সাত্তার, ককসবাজার:
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেছেন, বেওয়ারিশ বাহনে সড়কে নানা অপরাধ সৃষ্টি হচ্ছে। ফিটনেসবিহীন কোন গাড়ি সড়কে চলতে দেয়া হবেনা। প্রয়োজনে চালক মালিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আমি প্রজাতন্ত্রের চাকর, আমি আপনাদের স্যার নয় বরং আপনারাই আমার স্যার। আপনাদের যে কোন সমস্যায় আমার দরজা খোলা। যে কোন সমস্যা সরাসরি আমাকে বলবেন। আমি আমার সমস্ত কর্ম দিয়ে আপনাদের সেবা দিয়ে যাব।

আজ রোববার সকাল ১১ টা ও বিকাল ৪ টায় জেলা পুলিশ আয়োজিত রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চালক মালিক ও দূরপাল্লার বাস মালিকদের নিয়ে পৃথক সচেতনতা সভায় কক্সবাজারের পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন।জেলা পুলিশ আয়োজিত উভয় সভায় পুলিশ সুপার বলেন- আমার কোন পুলিশ সদস্য, বিশেষ করে ট্রাফিক পুলিশ সদস্য সড়কে চালকের কাছ থেকে চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমি যে ক’দিন আছি আপনাদের সেবা করে যেতে চাই। আমি মুখে যেটা বলি সেটা অন্তরে ধারণ করি।

উপস্থিত সাংবাদিকদের সহায়তা কামনা করে তিনি বলেন, সাংবাদিকগণ আমার কাজের অনুপ্রেরণা। তাঁরাই নানা অনিয়ম অসঙ্গতি তুলে এনে আমাদের পথ দেখানোর কারণে অনেক অনিয়ম আমরা সহজে চিহ্নিত করে দ্রুত সমাধান করতে পারি।

ট্রাফিক ইনস্পেক্টর মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় পুলিশ সুপার চালকদের জন্য শীগ্রই বিনা মূল্যে প্রশিক্ষণ, পযর্টন বান্ধব দক্ষ চালক তৈরিসহ নানা উদ্যোগের কথা জানান। তিনি বলেন, কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় সী বিচ রয়েছে যেটির অপার সৌন্দর্য দেখতে আসে হাজার হাজার পর্যটক।তাদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচলের জন্য সড়কের শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

চালক ও মালিকদের উদ্দেশ্য ট্রাফিক ইনস্পেক্টর মোঃ আমজাদ হোসেন বলেন, গণ পরিবহন আইন মেনে সব ধরনের বৈধ কাগজপত্র নিয়ে সড়কে গাড়ি চালাতে হবে। আমরা বেশ কিছুদিন আপনাদের সুযোগ দিয়েছি। সামনে আমরা পুরোপুরি ট্রাফিক আইন প্রয়োগ করব। সকল চালক মালিকদের শতভাগ বৈধতার মধ্যে চলে আসার আহবান জানান তিনি। তিনি শহরের বিভিন্ন পয়েন্টে দূরপাল্লার বাস ও স্থানিয় যানবাহনের নানা বিশৃঙ্খলার ছবি তুলে তা মালিকদের দেখান এবং সতর্ক করে দেন।

উক্ত মতবিনিময় সভায় জেলা বাস মালিক সমিতির কার্য নিবার্হী কমিটির সভাপতি এনামুল হক এবং জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল মোস্তফা চালক মালিকদের নানা সমস্যা তুলে ধরে বলেন, চালকরা বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে হয়রানির শিকার হন। ইতোপূর্বে সড়কে বিভিন্ন চাঁদাবাজিসহ হয়রানির কথা তুলে ধরেন তারা।

এ সভায় পুলিশ সুপার উপস্থিত কয়েকজন চালকের নানা সমস্যার কথা শুনেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুনির উল গিয়াস, ট্রাফিক ইনস্পেক্টর মোহাম্মদ তুহিন আহমদসহ দূরপাল্লার বাস চালক মালিক সমিতির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here