সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় একটি বসতঘরে ভাঙচুর চালিয়েছে ভূমিদস্যু জসিম ও তার লোকজন। রোববার দুপুরে ভাটিয়ারী ইউনিয়ের জাহানাবাদের ২নং ওয়ার্ডের জালাল আহম্মদ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ক্ষতিগ্রস্ত বসতঘরের লোকজন ও থানায় অভিযোগের সূত্রের উল্লেখ করেন , ক্রয়কৃত নাল জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে ৩০ বছর যাবত বসবাস করছেন এলাকার নুর মোহাম্মদ(৭৫)। এ জায়গাটি জসিম উদ্দিন তার বলে দাবী করে রোববার দুপুরে বসতঘরে ভাঙচুর চালায়। এসময় নুর মোহাম্মদের ছেলে কায়সারুল আলম ৯৯৯ নম্বরে ফোন করলে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নুর মোহাম্মদ বাদী হয়ে জসিম উদ্দিন, মোঃ শাহিন, মোঃ আশিক এর নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করে।
অভিযুক্ত জসিমের সাথে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয়দের সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, জসিম একজন চিহ্নিত ভূমিদস্যু সে এলাকার বিভিন্ন মানুষের ও সরকারী জমি দখলকরে মানুষকে হয়রানি করে। এছাড়া মাদামবিবিরহাট এলাকায় ইচ্ছামতী খালের বড় অংশবিশেষ ভরাট করে কয়েকটি দোকান ঘর নির্মাণ করে এবং একটি গাড়ির টার্মিনাল নির্মাণ করে যা সম্পূর্ণভাবে অবৈধ। দোকানগুলো মাসিক ভাড়া ভিত্তিতে বর্তমানে সে বিভিন্ন জনের কাছে ভাড়া দিয়েছে। এ বিষয়ে প্রশাসনের নিশ্চুপ ভূমিকা দেখে আমরা হতভম্ব। এছাড়াও কয়েক মাস আগে সে নিজের খালার বাড়িতে জায়গা পাবে বলে কিছু সন্ত্রাসী নিয়ে সেখানেও সেই হামলা চালায়। প্রশাসন বিষয়টি গুরুত্বের সহকারে আমলে নিয়ে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই তানভির আহমেদ বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি একটি জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। একপক্ষ একটি ঘরের দেয়াল ভেঙে ফেলে। তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।