Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল পর্যটকের

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল পর্যটকের

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল পর্যটকের

নিজস্ব সংবাদদাতা,
কাপ্তাইয়ে আবারও বন্যহাতির আক্রমণে প্রাণ গেল অভিষেক পাল (২১) নামের এক পর্যটকের।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯ টায় কাপ্তাই-আসামবস্তি সড়কের কামাইল্লাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অভিষেকের ফেনীর মাস্টার পাড়ার সুধাংশু বিকাশ পালের ছেলে। সে ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র।

নিহত অভিষেকের বন্ধু সাদমান সোবহান উদয় বলেন, ‘কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক থেকে ৬ বন্ধু মিলে সিএনজিচালিত অটোরিক্সায় রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাওয়ায় পথে অাসামবস্তি সড়কের কামাইল্লাছড়ি এলাকায় এলে ২টি বন্যহাতির মুখোমুখি হন তারা।

এসময় অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে একটি হাতি তাকে ধাওয়া করে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার বলেন, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছিল। এবার অাবারও এক পর্যটকের মৃত্যু হয়েছে। গত বছরেও একই এলাকায় স্থানীয় আরও এক মানসিক রোগীকে হাতি আক্রমণ করে মেরে ফেলে। এ নিয়ে কাপ্তাইয়ে গত ২ বছরে বন্য হাতির আক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে।

কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার রওশন আরা রব জানান, বর্তমানে হাতির উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বন্য হাতিরা দলবেঁধে ক্যাম্পের ভিতর ও আশপাশের এলাকায় ঢুকে পরছে। তিনি এই পথে চলাচলকারী সকলকে সতর্ক থাকার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here