চট্টগ্রাম কোতোয়ালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০২:০০:২১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নতুন রেলস্টেশন থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার জাদিমুড়ার আবদুল আমীনের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও একই এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে মামুন উদ্দীন (২২)।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নতুন রেলস্টেশনের প্রবেশপথে দক্ষিণ পশ্চিম পাশে তামান্না টেলিকমের সামনে থেকে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রামের সহকারি পরিচালক মোহাম্মদ রুহুল আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন রেলস্টেশনের প্রবেশপথে দক্ষিণ পশ্চিম পাশে তামান্না টেলিকমের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৭’শ পিস ও জালাল উদ্দীনের কাছ থেকে ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইয়াবাগুলো তারা চট্টগ্রামে বিক্রির জন্য টেকনাফ থেকে নিয়ে আসছিল।
আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।










