চান্দগাঁওয়ে “লাল এলিয়ন” উদ্ধার, আটক ২
- আপডেট সময় : ১০:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ১১৪ বার পড়া হয়েছে
চান্দগাঁওয়ে লাল ‘এলিয়ন’ উদ্ধার, আটক ২
নগরীর চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকা থেকে একটি লাল রঙের চোরাই ‘এলিয়ন’ গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মহিউদ্দিন (২৩) ও সাহাবুদ্দিন (২৬) নামে দুই গাড়ি চোরকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
আটক মহিউদ্দিন (২৩) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারি এলাকার টলিপাড়া গ্রামের মরহুম জাহাঙ্গীর আলমের ছেলে। এছাড়া সাহাবুদ্দিন ওই একই এলাকার হাসনাবাদ গ্রামের মরহুম শাহজাহানের ছেলে বলে জানান চান্দগাঁও থানার এএসআই সুমন বড়ুয়া।
সুমন বড়ুয়া পূর্বকোণকে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকায় একটি চোরাই প্রাইভেট কার বিক্রি করতে এসেছে একটি চক্র। গোপন এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাপানি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টয়োটা ব্র্যান্ডের ‘এলিয়ন’ মডেলের একটি লাল রঙের প্রাইভেট কার উদ্ধার করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো গ -১২-০৪৫৩। এ সময় মহিউদ্দিন (২৩) ও সাহাবুদ্দিন (২৬) নামে দুই গাড়ি চোরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










