আনোয়ারা প্রতিনিধি,
বঙ্গোপসাগরের কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে চারটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের গত তিন দিনেও খোঁজ মেলেনি। গত শুক্রবার রাতে সেন্টমার্টিনের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এসব ট্রলার ডুবে তারা নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপকূলের বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার সাগরে মাছ ধরতে যায়। শুক্রবার রাতে হঠাৎ বাতাসের বেগ বেড়ে গেলে ঢেউয়ের তোড়ে ডুবে যায় চারটি ট্রলার। এসব ট্রলারে ৪৮ জন মাঝিমাল্লা ছিল। এদের মধ্যে ৪৩ জন সাঁতরে অন্য ট্রলারে উঠতে সক্ষম হয়।
আরেক ট্রলারের ফিরে আসা জেলেরা জানান, গহিরা এলাকার এই ট্রলারের মাঝি নাসির উদ্দিন, জেলে খাইর আহমদ ও জমির উদ্দিন নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি উপজেলার জুঁইদণ্ডী গ্রামে।
নিখোঁজ জেলেদের সাগরে ভেসে মিয়ানমার জলসীমার দিকে যেতে দেখেছে তারা। কিন্তু তাদের ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হতে পারেননি।ডুবে যাওয়া একটি ট্রলারের মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমার ট্রলারে থাকা জেলে খোর্দ্দ গহিরা গ্রামের নুরুল ইসলাম ও দুধকুমড়া গ্রামের মো. ইসহাক নিখোঁজ রয়েছেন।
তাদের ব্যাপারে অনেক খোঁজখবর নেওয়া হয়েছে। তবে এখনো হদিস মেলেনি।এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সাগরে ট্রলার ডুবির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।