Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা আপিলেও বৈধতা পাননি স্বতন্ত্র দুই মেয়র পদপ্রার্থী

আপিলেও বৈধতা পাননি স্বতন্ত্র দুই মেয়র পদপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র দুই মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর দুইজনের আপিলও খারিজ করা হয়েছে। আপিল বিভাগে গিয়েও প্রার্থিতা ফিরে পেলেন না বর্তমান মেয়র হাজী আবুল কালাম আবু ও তার সহোদর মোঃ ইদ্রিস আলম।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আপিল শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার নেওয়া সিদ্ধান্তকে সঠিক গণ্য করে ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক। এর আগে শুক্রবার (১৯ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ব্যাংক ঋণ ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৯ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ব্যাংক ঋণ অভিযোগে হাজী আবুল কালাম আবু ও অপর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইদ্রিস আলম প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। দুই মেয়র পদপ্রার্থী প্রার্থিতা ফিরে পেতে জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। মঙ্গলবার আপিল শুনানিতে তাদের দু’জনেরই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

দুই মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বহাল রয়েছে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার নাজমুন নাহার বলেন,
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র বৈধতার আপিল খারিজ করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমার দেওয়া আদেশ বহাল রয়েছে এবং একক বৈধ প্রার্থী হিসাবে মেয়র পদে জহুরুল ইসলাম রয়েছেন।

মেয়র প্রার্থী আবুল কালাম আবু বলেন, প্রার্থিতা ফিরে পেতে আমি উচ্চ আদালতে আপিল করব এবং বৈধ প্রার্থী হয়েই নির্বাচনে অংশ নেব ইনশাল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here