নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামের কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ম্যাজিষ্ট্রেটকে দেখে নিজের বাবার নাম ভুলে গেলেন মাস্ক বিহীন এক পথচারী। আজ বুধবার দুপুরে (২৮ এপ্রিল) উপজেলা সদর বড়ইছড়ি বাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাস্ক বিহীন রাস্তায় চলাচল করায় এক পথচারীকে ২০০ টাকা জরিমানা করেন। এইসময় মামলার নথিতে লেখার জন্য তাঁর বাবার নাম বলতে বলায় সে জানালো আমি বাবার নাম ভূলে গেছি, এই মূহুর্তে মনে করতে পারছি না।
কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এদিন মাস্কবিহীন চলাচলের অপরাধে উপজেলা সদর কাপ্তাই সড়ক এবং বড়ইছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ টি মামলায় ৪০০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১ টি মামলায় ৫০০ টাকা সহ সর্বমোট ৯০০ টাকা জরিমানা আদায় করেন এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ ও সচেতন করেন।অভিযান পরিচালনার সময় কাপ্তাই থানা পুলিশ এর একটি দল আদালতকে সহযোগীতা করেন।