নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে নতুন করে আরও সাতজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
আজ রোববার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডি ও সিভাসুতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
রোববার বিআইটিআইডি ও সিভাসুতে ১০১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের সাতজনের দেহে করোনা ধরা পড়েছে। ৬ জনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়, আর একজনের বাড়ি নগরের দামপাড়া পুলিশ লাইন্সের পুলিশ সদস্য। এছাড়া লক্ষ্মীপুর জেলার তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৯১ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন মোট ৫৩; এর বাইরে ঢাকায় পরীক্ষা করার পর করোনা পজেটিভ হওয়ায় একজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনাক্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার।
এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১২ জন।