মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ফোন নাম্বার ক্লোন করে বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সরকারি মুঠোফোনের সিম নাম্বার ক্লোন করে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন মানুষের কাছে ফোন করছে প্রতারক চক্র।
রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল “Uno Banshkhali”নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সিম (অফিসিয়াল নাম্বার ০১৭৩৩৩৩৪৩৪৫) ক্লোন করার বিষয়টি জানানো হয়।
নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী দৈনিক সকালের প্রতিনিধিকে জানান, বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ ও উপজেলার আরো এক জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে আমার সরকারি ফোন নাম্বার ক্লোন করে প্রতারক চক্র বলে- নতুন ব্রান্ডের দামি ল্যাপটপ এসেছে যা ৯ হাজার টাকায় পাওয়া যাবে। অন্য একটি ফোন নাম্বারে ও নয় হাজার টাকা বিকাশ করলে ল্যাপটপ পাঠিয়ে দিবে বলে প্রতিশ্রুতি দেই প্রতারক চক্র।
বিষয়টি তাদের সন্দেহ হওয়ায় পরবর্তীতে আমাকে জানালে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবাইকে সতর্ক করে পোষ্ট করা হয়েছে। সেই নাম্বার থেকে কোনো প্রকার অযাচিত কল আসলে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সরকারি ফোন নাম্বারি ক্লোনিং এর বিষয়টি ইতোমধ্যে বাঁশখালী থানাকে অবহিত করা হয়েছে, অনুসন্ধান চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।