মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী এলাকায় বণ্যহাতির আক্রমণে নুর আয়েশা (৬০) নামে এক বৃদ্ধার নিহত মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালের দিকে জঙ্গল জলদী বল্লার ঝিরি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নুর আয়েশা (৬০) জঙ্গল জলদী নতুন দিঘী পাড়ার মোঃ ফেরদৌস আলমের স্ত্রী। তিনি এক সন্তানের জননী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার সকালের দিকে জঙ্গল জলদীর বল্লার ঝিরি এলাকায় বাগান থেকে লেবু আনতে গিয়েছিলেন নুর আয়েশা। এসময় হাতির মুখোমুখি হলে মুহুর্তের মধ্যে হাতির আক্রমণের শিকার হন তিনি। এতে তিনি গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. জিহান নুর তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন,হাতির আক্রমণে নিহত নুর আয়েশার পরিবারকে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাফন- দাফন ব্যবস্থার জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছি।
এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন,পাহাড়ে বন্যহাতির খাদ্য সংকট হওয়ায় এমন ঘটনা ঘটছে। নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।