নিজস্ব সংবাদদাতা,
বোয়ালখালীতে সম্পত্তির বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুনের ঘটনা ঘটেছে। নিহত মোশারফ হোসেন (২০) চকরিয়ার বশির আলমের পুত্র। তিনি বোয়ালখালী উপজেলা সদরে রাজমিস্ত্রির কাজ করতেন। হত্যার সাথে জড়িত মো. জমির উদ্দিন নিহতের সাথে সহকারী হিসেবে কাজ করত বলে জানা গেছে।
শুক্রবার (১৬ জুলাই) রাতে হত্যার পর লাশটি আরাকান সড়কের আফেল আহমদের টেকে রাস্তার পাশে ফেলে যায়। আজ শনিবার (১৮ জুলাই) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
এ ঘটনার সাথে জড়িত মামাতো ভাই জসিম উদ্দিন (২০)-সহ দুজনকে আটক করেছেন পুলিশ জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, নিহত যুবক আর হত্যাকারী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। মায়ের সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ কারণে গত ১৬ জুলাই পরিকল্পিতভাবে মোশারফ হোসেনকে হত্যা করা হয়।
হত্যার পর লাশটি বিভিন্নভাবে গায়েব করতে চেয়েও ব্যর্থ হন মো. জমির উদ্দিন ও তার সহযোগীরা। শেষে লাশটি আফেল আহমদের টেকে ফেলে যায়। শনিবার লাশটি উদ্ধার করেন পুলিশ।