আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় অজয় দাশ প্রকাশ অজয় নাথ (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে ফিশারিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মদ ব্যবসার প্রতিবাদ করায় এক ব্যক্তির উপর হামলার অভিযোগে মামলা রয়েছে।অজয় দাশ ওই এলাকার জলিলগঞ্জ টেকপাড়ার গোলাপ নাথের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার এসআই কে এম তারেকুজ্জামান বলেন, ‘শনিবার দুপুরে অজয় দাশ প্রকাশ অজয় নাথ নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ এপ্রিল এক ব্যক্তির উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা ৮ নম্বর আসামী তিনি। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত অজয় দাশকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
গত ১০ এপ্রিল চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ফিশারীঘাট এলাকায় চোলাই মদ বেচাকেনা ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক নেতা এনামুল হক এনামের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় মদব্যবসায়ী অনুপ বিশ্বাসের সহযোগী সাগর দাশসহ মোট আটজনকে আসামি করা হয়।
১১ এপ্রিল সকালে আহত এনামুল হকের ছোট ভাই সাইফুল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেন।এই মামলার আসামিরা হলেন চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা মনোহরখালী এলাকার শংকর দাশের পুত্র সাগর দাশ, একই এলাকার ফকিরা দাশের পুত্র আকাশ দাশ, একই এলাকার রুহিনী সর্দারের পুত্র জয়দেব দাশ নান্টু, একই এলাকার কালা বুড়োর নাতি মুন্না দাশ, একই এলাকার সন্তু দাশের পুত্র হৃদয় দাশ, একই এলাকার সুকুমার দাশের পুত্র মিন্টু দাশ, একই এলাকার অনুপ বিশ্বাসের মদের মহালের ম্যানেজার অজয় দাশ ও একই এলাকার অজয় দাশ প্রকাশ অজয় নাথ।মামলাটি তদন্ত করছেন কোতোয়ালী থানার এসআই কেএম তারিকুজ্জামান।