কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজারের বর্ষিয়ান রাজনীতিবিদ
এডভোকেট জহিরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার বিকেলে শহরের বইল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে বাণী দিয়েছেন।
প্রয়াত অ্যাডভোকেট জহিরুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগটক, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, সাবেক মহকুমা গভর্নর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ গণফোরামের কেন্দ্রীয় নেতা।
আজ জোহরের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণে প্রয়াত রাজনীতিককে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এ সময় কক্সবাজারের স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব) ফোরকান আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।