Home অন্যান্য কক্সবাজার কারাগারে সংশ্লিষ্টদের খামখেয়ালিপনায় ঝুলে আছে বন্দি ব্যারাক

কক্সবাজার কারাগারে সংশ্লিষ্টদের খামখেয়ালিপনায় ঝুলে আছে বন্দি ব্যারাক

কক্সবাজার কারাগারে সংশ্লিষ্টদের খামখেয়ালিপনায় ঝুলে আছে বন্দি ব্যারাক

এম এ সাত্তার, কক্সবাজার:
প্রকল্প কার্যাদেশ অনুযায়ী বেঁধে দেওয়া সময় ফুরিয়ে যাবার প্রায় বছর গত হলেও হস্তান্তর করতে পারেনি কক্সবাজার জেলা কারাগারে বন্দিদের জন্য নির্মাণাধীন ‘বন্দি ব্যারাক’। বারংবার কালক্ষেপন করে সময় অতিবাহিত করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যদিকে দেখভালের দায়িত্বরত গণপূর্ত বিভাগও সঠিকভাবে তদারকি করছে না বলে অভিযোগ উঠেছে। আট গুণ ধারণক্ষমতার বেশি বন্দি নিয়ে নাকানি চুবানির শেষ নেই কারা কর্তৃপক্ষের।

কারাগারে বন্দিদের আবাসন সুবিধা নিশ্চিত করতে ২০১৮-২০১৯ অর্থবছরে ৬ তলা বিশিষ্ট ‘বন্দি ব্যারাক’ নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার। যার আর্থিক ব্যয় ধরা হয় ৫ কোটি টাকা।
২০১৮ সালের ১৫ এপ্রিল কার্যাদেশ পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ডেল্টা কনস্ট্রাকশন। ২১,৬০৬ বর্গফুট জায়গায় কাজ শুরু করে গণর্পূত বিভাগ। ২০১৯ সালের মার্চ মাসে ভবনটি হস্তান্তরের কথা ছিল।গত বছর থেকে অন্তত তিনবার সময় নিয়েও বুঝিয়ে দিতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার।

তবে, আগামী মার্চ মাসে ভবনটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণাধীন ‘বন্দি ব্যারাকে’ থাকবে ১২টি ওয়ার্ড। প্রতি ওয়ার্ডে ৩০০ জন করে রাখা হবে। তবে বর্তমান অবস্থা অনুযায়ী পুরো ৬ তলা ভবনে দেড় হাজার পর্যন্ত বন্দির আবাসন নিশ্চিত করা যাবে। বর্ধিত কারাগার ভবন নির্মাণ হওয়ার ফলে বন্দিদের আবাসন সমস্যার অনেকটা সমাধান হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

কক্সবাজার জেলা কারাগারে বন্দির ধারণ ক্ষমতা ৫৩০ জন। কিন্তু ধারণ ক্ষমতার প্রায় ৮ গুণ রাখতে হয়। ১৬ ফেব্রুয়ারীর কারা রিপোর্ট অনুযায়ী তাদের বন্দি সংখ্যা ৪৪৯৫ জন।কক্সবাজার সদরের ঝিলংজা মৌজার বাইপাসে ২০০১ সালে ১২.৮৬ একর জমিতে গড়ে তোলা জেলা কারাগারে ৪টি দালান নির্মাণ করা হলেও প্রতি বছরই বাড়ছে কয়েদি ও হাজতির সংখ্যা। ফলে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে সরকার বন্দিদের সমস্যা লাঘবে জেলা কারাগারে যোগ হচ্ছে আরো ৬’শ জন বন্দি ধারণ ক্ষমতাসম্পন্ন ভবন। ইতোমধ্যে ভবনের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামি মার্চ মাস নাগাদ অবশিষ্ট কাজ শেষ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। তবে কাজের গতি নিয়ে চরম অসন্তোষ রয়েছে জেল সুপারের।

গত বছর জুনে শেষ হওয়ার কথা থাকলেও বছর পেরিয়ে অদ্যাবধি ভবনটি জেলা কারাগার কর্তৃপক্ষকে হস্তান্তর করতে পারেনি গণর্পূত বিভাগ। কারা সুপার মোঃ মোকাম্মেল হোসেন জানান, প্রতিদিনই বাড়ছে বন্দির সংখ্যা। ৫৩০ জনের জায়গায় রয়েছে সাড়ে ৪ হাজারের বেশি। অনেক সময় ব্যবস্থাপনায় হিমশিম খেতে হয়।
এ বিষয়ে জানতে কক্সবাজার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে বলেন, প্লেন রড না পাওয়ার কারণে কাজ সম্পন্ন করতে দেরি হচ্ছে। দ্রুত বাকি কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে।

এদিকে, কক্সবাজার জেলা কারাগারের জন্য আরো একটি ৩ তলা বিশিষ্ট ভবনের অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন সুপার মোঃ মোকাম্মেল হোসেন। তবে এটি এখনো টেন্ডার হয়নি।বন্দিদের আবাসন সমস্যা নিরসনে ৬ তলা বিশিষ্ট ভবনের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে হস্তান্তরের দাবী সংশ্লিষ্টদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here