নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মাত্র ৮৯২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৮ জন; এর মধ্যে ১০৩ জন নগরের ও ২৫ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৮৭৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৪৪৮ জন নগরের ও ৪ হাজার ৪২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৪০ জন; এর মধ্যে ১৬৭ জন নগরের ও ৭৩ জন উপজেলার বাসিন্দা।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৮ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ২ জনের ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৩ ও উপজেলার ৬ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষায় ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
ইম্পেরিয়াল হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৫ ও উপজেলার ৬ জনের করোনা পাওয়া গেছে।
শেভরণ ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩৭ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে লোহাগাড়ায় ১, সাতকানিয়ায় ২, পটিয়ায় ১, বোয়ালখালীতে ১, রাঙ্গুনিয়ার ১, রাউজানে ১, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৪, সীতাকুণ্ডে ৬, সন্দ্বীপে ২ ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১১৮ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ৯৫৬ জন করোনা রোগী।



