আব্দুল কাইয়ুম, চট্টগ্রাম:
গতকাল চট্টগ্রাম ট্রিবিউনে ” ম্যাজিস্ট্রেট’র আহবানে সাড়া দিল বাস চালক! চবি পরীক্ষার্থীদের জন্য ফ্রী বাস ” এই শিরোনামে নিউজ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটি ব্যপক প্রশংসিত হয়।
এই নিয়ে “”Traffic Chittagong – Your Contribution, Everyone’s Solution! ” গ্রুপে একটি পোস্ট দিলে এই গ্রুপে শফিউল আজম নামে এক বাস মালিক মানবিক দায়ীত্ববোধ থেকে চবি পরীক্ষার্থীদের জন্য ওনার ব্যক্তিগত বাস ফ্রী সার্ভিস দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এই প্রতিবেদককে।
এ ব্যাপারে চট্টগ্রাম ট্রিবিউন থেকে বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মন্জুরুল হক’র সাথে যোগাযোগ করা হলে তিনি বাস মালিকের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন বলে জানান।
তিনি বলেন, চট্টগ্রাম ট্রিবিউন’র সহযোগিতায় আমরা ঐ বাস মালিকের সাথে কথা বলে ওনার আগ্রহের কথা জানতে পারি। ফলে বাস মালিক শফিউল আজম ২৭ ও ২৮ তারিখ মুরাদপুর থেকে ওনার ২দিন এ ২টি বাস চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রী সার্ভিস দেবেন বলে আমাকে নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, এটি নিঃসন্দেহে একটি অসাধারণ ব্যাপার। এরা বড় মনের মানুষ। পরীক্ষার্থীদের স্বার্থে মোঃ শাহজাহান, মোঃ সায়েম জুয়েল, মোঃ জাবেদ ও মোঃ শফিউল আজম এর মতো মানুষেরা যেভাবে এগিয়ে এসেছেন এটা চট্টগ্রামবাসী অনেকদিন মনে রাখবে এবং তাদের দেখে সমাজের অন্য মানুষেরাও অনুপ্রাণিত হবেন বলে আমার বিশ্বাস। সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি থাকলেও সবাই এরকম জনকল্যাণে এগিয়ে আসতে পারেন না। আমি এসকল হৃদয়বান পরিবহন মালিককে অভিনন্দন জানাচ্ছি।
চট্টগ্রাম ট্রিবিউন ধন্যবাদ পাওয়ার যোগ্য। এভাবে সকল ভালো কাজে মিডিয়া পাশে থাকুক এটাই প্রত্যাশা করি।
এ ব্যাপারে মালিক শফিউল আজম বলেন, মানবিক দায়ীত্ববোধ থেকে এই কাজে অংশগ্রহণ। তিনি অন্যান্য বাস মালিকদের ও এরকম মহৎ কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। কারো জন্য কিছু করতে পারার মধ্যে যে কি আনন্দ / রোমাঞ্চ, তা যদি সবাই জানত বা বুঝত ভালো হত।
তিনি আরো বলেন, গতানুগতিক, বানিজ্যিক চিন্তাধারার বাইরে সামাজিক কাজে ও সরাসরি সম্পৃক্ত হতে কোন নিউজ পোর্টালকে দেখলাম। ভালো লাগল। আগামী তে আপনাদের সাথে মিলে ভাল কিছু হবে আশা করি। এজন্য চট্টগ্রাম ট্রিবিউনকে তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, চবি ২০১৯-২০২০ সালের ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস ফ্রী দেওয়ার জন্য বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মন্জুরুল হক বাস মালিকদের অনুরোধ করলে ৪জন বাস মালিক বিষয়টিতে সাড়া দিয়ে স্বতঃস্ফুর্তভাবে ভাবে এগিয়ে আসে।



