নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামের লোহাগাড়ায় চিরকুট লিখে রুকসি পারভিন জুবলি (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে। পারভিন আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং পশ্চিম আমিরাবাদ সিকদার পাড়ার আবদুল গফুরের মেয়ে।
শনিবার (৯ এপ্রিল) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।
লাশের পাশে পাওয়া চিরকুটের লেখা হুবহু তুলে ধরা হলো- sorry আম্মু, আমি সাকিবকে ভালবাসি। আমি সাকিবকে বিয়ে করবো। আর কাউকে মন থেকে মেনে নিতে পারবো না। তোমরা আমাকে নিষেধ করার পরও আমি তাকে ভালবেসে যাচ্ছি। তাকে ছাড়া বাঁচতে পারবোনা। তাই আজ তোমাদের সব বলে দিলাম। তোমরা সবাই ভাল থেকো।
স্থানীয়রা জানান, স্কুল শিক্ষার্থীর সাথে এক ছেলের ভালবাসার সম্পর্ক ছিলো। দু’জনের সম্পর্কের বিষয়টি তার বাবা-মা জানতে পারলে জুবলিকে সম্পর্ক না করার জন্য চাপ দেন। কিন্তু ঘটনার দিন রাতে চিরকুট লিখে গলায় ফাঁস লাগিয়ে তার বাড়িতে গোপনে আত্মহত্যা করে।
আমিরাবাদ ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শরফু সিকদার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় বিষয়টি জানতে পারি। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।