নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (লেভেল-১) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামী ২৪ এপ্রিল (শনিবার) সকাল নয়টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় আগামী ৮ মে (শনিবার) বিকাল পাঁচটা পর্যন্ত।
অনলাইনে আবেদনের লিংকঃ https://www.admissionckruet.ac.bd/।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি উপরোক্ত ওয়েবসাইট হতে জানা যাবে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে চুয়েট, কুয়েট ও রুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আলম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এছাড়া আগামী ২ জুন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের (01841-119966) সাথে যোগাযোগ করা যেতে পারে।