আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ১ নম্বর রোডে এক ‘গৃহকর্মীর রহস্যজনক’ মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বেলকনি থেকে পড়ে নিহত হয়েছে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত গৃহকর্মীর নাম রাশেদা (১৫)। সে খাগড়াছড়ির রামগড়ের মুসলিম মিয়ার মেয়ে।
কাপড় শুকাতে দিতে গিয়ে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খুলশীর ১ নম্বর রোডের রয়েল এপেরা নামের একটি ১০ তলা এপার্টমেন্টের ৮ তলা থেকে নিচে পড়ে যায় রাশেদা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র।
এ সম্পর্কে খুলশী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, খুলশী ১ নম্বর রোডের একটি ১০ তলা এপার্টমেন্টের ৮ তলা থেকে পড়ে নিহত হয় বলে জানান গৃহকর্তা আনোয়ারুল হক। তবে এর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত জানান, কাপড় শুকাতে দিতে গিয়ে রাশেদা (১৫) নামের এক গৃহকর্মী ৮ তলা থেকে নিচে পড়ে যায় বলে জানান গৃহকর্তা আনোয়ারুল হক। উদ্ধার করে রাশেদাকে হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাশেদা খুলশীর ১ নম্বর রোডের রয়েল এপেরা নামের একটি ১০তলা এপার্টমেন্টের ৮ তলায় কাজ করতো।


