Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ভাঙা চুরা সড়কে কমছে না দুর্ভোগ, উখিয়ায় ৬ ঘন্টার অসহনীয় যানজট

ভাঙা চুরা সড়কে কমছে না দুর্ভোগ, উখিয়ায় ৬ ঘন্টার অসহনীয় যানজট

ভাঙা চুরা সড়কে কমছে না দুর্ভোগ, উখিয়ায় ৬ ঘন্টার অসহনীয় যানজট

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজার-উখিয়া-টেকনাফ মহাসড়কে জনদূর্ভোগের শেষ নেই। একেত ভাঙা চুরা সড়ক, তার ওপর গর্ত, কাঁদায় গাড়ি আটকিয়ে দীর্ঘ যানজট।সোমবার বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজটে উখিয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করে। সড়ক বিভাগ বলেছে, সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং, প্রভাবশালীদের সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় এ জন ভোগান্তি।

এ সড়কের অনেকাংশে উন্নয়ন হলেও কিছু কিছু অংশে খানা খন্দের কারণে তীব্র যানজট লেগে থাকে। এ সড়কে নিয়মিত যানবাহনের পাশাপাশি টেকনাফ স্থল বন্দর কেন্দ্রীক ও রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক অতিরিক্ত আরও কয়েক হাজার যানবাহন চলাচল করায় ব্যস্ততা বেড়ে যায় কয়েক বছর ধরে। যানজট নিয়ন্ত্রণে থানা পুলিশের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ট্র্যাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। কিন্তু এরপরও সড়কের বেহাল অবস্থা, যত্রতত্র সড়কের ওপর যানবাহন পার্কিং করে রাখায় যানজটের কারণ বলে প্রত্যক্ষদর্শীদের মত।

কক্সবাজারের সড়ক বিভাগের সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে প্রায় ৭৯ কি:মি দূরত্বের সড়কটির তিনটি পৃথক প্রকল্পের আওতায় সংস্কার ও উন্নয়নকাজে ৪৫৮ কোটি টাকা বরাদ্দ দেয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

সওজ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাস থেকে দুটি প্রকল্পের অধীনে ৫০ কিলোমিটারের সংস্কারকাজ শুরু হয়। এ পর্যন্ত কাজে অগ্রগতি হয়েছে ৮০ শতাংশ।

প্রথম প্রকল্পের আওতায় ১২২ কোটি টাকার এ প্রকল্পে ২৫ কিলোমিটার সড়কের দুই পাশে তিন ফুট করে সম্প্রসারণ করে সড়কটি ২৪ ফুট প্রসস্থ করা হচ্ছে। কক্সবাজারের লিংক রোড থেকে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত ২৫ কিলোমিটার কাজের অগ্রগতি ৮০শতাংশ। দ্বিতীয় প্রকল্পের আওতায় উখিয়া ফায়ার সার্ভিস থেকে টেকনাফের উনচিপ্রাং পর্যন্ত ২৫ কিলোমিটারে সড়ক উন্নয়নে ব্যয় হচ্ছে ১৫৪ কোটি টাকা। যার অগ্রগতি ধীরগতি।

ইতিমধ্যে গত জুনের মধ্যে এই ৫০ কিলোমিটারের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। কোভিড-১৯, বৃষ্টি সহ নানা কারণে বিলম্ব হচ্ছে বলে সওজের দাবি। উপরোক্ত দুটো প্যাকেজের কাজ সম্পন্ন হওয়ার পর তৃতীয় প্যাকেজের কাজ শুরু হবে। তৃতীয় প্যাকেজে উনছিপ্রাং থেকে টেকনাফ পর্যন্ত ১৮২ কোটি টাকা ব্যয়ে অবশিষ্ট ৩০ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ শুরু হবে বলে জানা গেছে।

কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, সড়কটি ১৮ থেকে ৪৫ ফুটে উন্নীত করার কাজ চলছে। এরপরও যত্রতত্র গাড়ী এবং ইজিবাইক,সিএনজি পার্কিংয়ের কারণে যানজট লেগে থাকে। সড়কের কিছু অংশে প্রভাবশালী মহলের দখলে থাকার কারণে বাকী অংশের কাজটি করা সম্ভব হচ্ছে না। তবে তা নিরসনের পর্যায়ে রয়েছে। দ্রুত সময়ে বাকী অংশের কাজটিও শেষ করা হবে বলে তিনি জানান।

কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক বলেন, প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক নিয়োজিত রয়েছে। উখিয়া এবং কোটবাজার স্টেশনের কিছু অংশে সড়কের সংস্কার কাজ এখনো সম্পন্ন হয়নি তাই যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের মাঝে ডিভাইডার দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে তা নিরসন করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here