টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নূর মোহাম্মদ (৩৪) নামে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক বাংলাদেশি জেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী নাফনদীর সীমান্ত পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নূর মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। গুলিবিদ্ধ আহত আবুল কালাম একই এলাকার জেলে।
এব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের ২বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির গুলিতে বাংলাদেশী একজন নিহত ও একজন আহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রতিবাদলিপি পাঠিয়ে কেন তারা গুলি করেছে জানাতে চাওয়া হবে।
স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো একটি ছোট নৌকায় করে ওই দুই জেলে নাফনদীতে মাছ ধরতে যায়। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে মিয়ানমারের জল সীমানা থেকে এসে বিজিপির সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় একজন আহত অবস্থায় পালিয়ে আসেন এবং অন্যজন নিখোঁজ হন। পরে সকালে নাফ নদী থেকে নিখোঁজ জেলের লাশ পাওয়া যায়।