শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ হয়নি

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন রিপোর্ট,
সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার মতো পরিবেশ হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কিনা এমন প্রশ্নের জবাবে মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষামন্ত্রী কিন্তু গতকাল (শনিবার) বলেছেন যে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনও কোনও পরিবেশ তৈরি হয়নি। আপনারা নিজেরাও বোঝেন আসলে পরিবেশ তৈরি হয়েছে কী হয়নি।’

বিজ্ঞাপন

‘এখন যে অবস্থা, এখনও কিন্তু ২০-২২ শতাংশ আক্রান্ত। সেই হিসাবে আমাদের শিশুদের-শিক্ষকদের…, স্কুল খুললে অভিভাবকেরা চলে আসবেন। তাদের আমরা ঝুঁকির মধ্যে ফেলবো কেন— সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা মনে করছি যে, আসলে তো এখনও পরিবেশ তৈরি হয়নি। ’

সচিব বলেন, ‘উন্নত দেশ যারা স্কুল খুলেছিল, তারাও কিন্তু এখন আবারও বন্ধ করে দিয়েছে। সেজন্য আমরা মনে করছি যে, আমাদের বাচ্চাদের ঝুঁকির মধ্যে না ফেলাটাই সমীচীন হবে। সেজন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা করে দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবো স্কুল কখন খোলা যায়।’

বিজ্ঞাপন

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সচিব আবারও বলেন, ‘সেটা আপনারাও বোঝেন, সেপ্টেম্বরে খোলার মতো পরিবেশ হয়নি এখনও।’

প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এস সময় অনলাইনে শ্রেণি কার্যক্রম চলছে। বেতার ও টেলিভিশনেও শ্রেণি কার্যাক্রমের সম্প্রচার চলছে।

প্রাথমিক সমাপনী পরীক্ষা

নিজ নিজ বিদ্যালয় প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়ার প্রস্তাবনার সার-সংক্ষেপের অনুমোদন এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেরত আসেনি বলে জানিয়েছেন সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

করোনার কারণে এবছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষার বদলে স্কুলে স্কুলে নেওয়ার প্রস্তাব করে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠায় প্রাথমিক মন্ত্রণালয়।

সমাপনী পরীক্ষা সম্পর্কে সিনিয়র সচিব বলেন, ‘আমরা বলেছি যে, স্ব স্ব স্কুলগুলো পরীক্ষা নেবে যদি খুলতে পারে। কেন্দ্রীয় পরীক্ষা না নেওয়ার জন্য প্রস্তাবনা আছে। এর বাইরে যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়— তাহলে স্ব স্ব স্কুল পরীক্ষা নেবে। তবে সেই অনুমোদন এখনও আসেনি। পরিবেশ পরিস্থিতি বলে দেবে আমাদের কী করতে হবে ।’

প্রাথমিকে অ্যাকাডেমিক ইয়ার বাড়বে কিনা জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, ‘না। আমরা বলিনি জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত টানবো। মুখ্য সচিবের সঙ্গে যে মিটিং হয়েছিল সেখানেও সিদ্ধান্ত হয়েছিল যে, এই বছরের মধ্যে শেষ হবে। ‘আমরা আশা করছি, ডিসেম্বরের আগে স্কুলগুলো খুলতে পারবো। খুলতে পারলে আমরা যে ৩৫ শতাংশ পড়িয়েছি এবং ঘরে বসে টিভি ও রেডিও’র মাধ্যমে পাঠদান করছি, স্থানীয় শিক্ষকরা পড়াচ্ছেন। আমরা এখনি বলছি না যে অটো পাস। পরীক্ষা নেওয়ার সময় পেলে যে পর্যন্ত পড়িয়েছি— সেটার মধ্যে স্কুলগুলো প্রশ্ন করে পরীক্ষা নেবে। তারপরে যদি না নেই তাহলে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। ’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত