কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে ২৬ এপ্রিল রোববার ৭১ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। সে টেকনাফের স্বাস্থ্য কমপ্লেক্সের একমহিলা চিকিৎসক। তিনি জরুরি বিভাগ, আউটডোর, ভর্তিকৃত রোগী সহ হাসপাতালে আসা যেকোন রোগী দেখতেন বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, করোনা ভাইরাস সনাক্ত হওয়া চিকিৎসকের চিকিৎসা কোথায় হবে সেটা জরুরী বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত তাকে আইসোলেটেড করে রাখা হয়েছে।
এই প্রথম কক্সবাজারে এক চিকিৎসকের করোনা ভাইরাস পরীক্ষা পজেটিভ পাওয়া যায়।আজ পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন। তারমধ্যে মহেশখালীতে ৮ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে একজন।আজ রোববার স্যাম্পল টেস্টের ৭১ জনের মধ্যে ৭০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া গেছে।
গত ২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮০৪ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। তন্মমধ্য ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। বাকী ৭৮৯ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।