চট্টগ্রামে আগামীকাল রূপালি গিটার’র উদ্বোধন
- আপডেট সময় : ০৯:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪২ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
‘এই রূপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে।
সেদিন চোখে অশ্রু তুমি রেখো, গোপন করে…।’ কিংবদন্তি ব্যান্ড তারকা বরেণ্য শিল্পী আইয়ুব বাচ্চুর ফেলে যাওয়া রূপালি গিটার ফিরে আসছে, এই নগরে। চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে বসানো হয়েছে খ্যাতিমান শিল্পী আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার।
ইতোমধ্যে গিটার স্থাপন এবং সৌন্দর্য বর্ধনের কাজ শেষ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এই রূপালি গিটার বসানো হয়েছে। থাকছে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা এবং আইয়ুব বাচ্চুর জীবনী।
চসিক মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম জানান, ‘আইয়ুব বাচ্চুর নিজ জন্মস্থান এই চট্টগ্রাম। জন্মস্থানে কিংবদন্তী এ শিল্পীকে স্মরণ করে রাখতে নগরের প্রবর্তক মোড়ে ‘রূপালি গিটার’ এর আদলে একটি প্রতিকৃতি বসানো হয়েছে।
আগামীকাল সন্ধ্যায় চসিক মেয়র এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ গিটারের মাধ্যমে আগামী প্রজন্ম আইয়ুব বাচ্চুকে মনে রাখবে, বেঁচে থাকবে তাঁর গান।










