চট্টগ্রামে নতুন শনাক্ত ১৭৮ জন, দুই জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৭৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৬১ জন নগরের ও ১৭ জন উপজেলার বাসিন্দা।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ২৪১ জনের মধ্যে ২২ হাজার ৫২৩ জন নগরের ও ৬ হাজার ৭১৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৪৯ জন; এর মধ্যে ২৫২ জন নগরের ও ৯৭ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৭০ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের ও সিভাসুতে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮৫ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের ও শেভরণে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পাওয়া গেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।










