রাঙ্গুনিয়ায় ১০ সিএনজি অটোরিকশাকে জরিমানা, বিচ্ছিন্ন করা হয়েছে খোলা দোকানের বিদ্যুৎ সংযোগ
- আপডেট সময় : ১০:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ৩ বার পড়া হয়েছে
ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া:
মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউনের প্রথম দিন রাঙ্গুনিয়ায় সড়কে অতিরিক্ত যাত্রী বোঝাই করে গাড়ি চালানোর দায়ে ১০ সিএনজি চালিত অটোরিকশাকে ২ হাজার ৪৭০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নির্দেশনা বহির্ভূত দোকান খোলা রাখার দায়ে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।
সোমবার (৫ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) পৃথক এই অভিযান চালিয়েছেন। রাঙ্গুনিয়া থানা পুলিশ অভিযান পরিচালনায় সহায়তা করেন।
ইউএনও মো. মাসুদুর রহমান জানান, লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে অভিযান চালানো হয়েছে। উপজেলার বিভিন্ন স্টেশন, হাটবাজারে এই অভিযান চালানো হয়৷ অভিযানে লকডাউনের নিষেধাজ্ঞা না মেনে গাড়ি চালানোর দায়ে ১০ সিএনজি অটোরিকশাকে ২ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জনসাধারণকে মাস্ক পরাসহ লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরী জানান, লকডাউনে নির্দেশনা বহির্ভূত দোকান খোলা রাখার দায়ে উপজেলার রোয়াজারহাট, মরিয়মনগর, ও লিচুবাগানের বেশ কিছু দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি নির্দেশনা মানার মুচলেকা দিলেই পরবর্তীতে তাদের পুনঃসংযোগ দেওয়া হবে। অভিযানে কারিগরি সহযোগিতা করেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জুয়েল দাশ। লকডাউন কার্যকরে প্রতিদিন এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।










