মাসুদা আকতার, বিশেষ প্রতিনিধিঃ
হাটহাজারীতে চার লেন সড়ক পার হওয়ার সময় উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় শুভ দাশ নামের এক তরুণ (১৮) নিহত হয়েছেন।
আজ (৬জুন) রবিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী চার লেন সড়কের নন্দীরহাটের ধোপাড় দিঘিপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ দাশ ঘটনাস্থলের পাশে গাড়ির টায়ারের একটি দোকানে কাজ করতেন। তিনি ঐ এলাকার একটি ভাড়া বাসায় মা–বাবার সঙ্গে থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে শুভ সবার ছোট। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে টায়ারের দোকান থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন শুভ। এ সময় উল্টো পথে আসা দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন পালিয়ে যাওয়া ট্রাকটি ধাওয়া করে কয়েক কিলোমিটার দূর থেকে আটক করলেও চালক পালিয়ে যান।
ঘটনাস্থলে থাকা রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আজম বলেন, ট্রাকটি উল্টো পথে এসেই ছেলেটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।