চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮০২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৭ জন; এর মধ্যে ৮৪ জন নগরের ও ১৩ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ২১৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৪৮৮ জন নগরের ও ৪ হাজার ৭২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা গেছে কিনা ও কতজন সুস্থ হয়েছে- সেসব তথ্য জানাতে পারেননি তিনি।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩ জন নগরের ও ৪ জন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১০ জনের নমুনা পরীক্ষায় নগরের ২১ জনের ও উপজেলার ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩১ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে চট্টগ্রামের ৬০ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ ও উপজেলার ১ জনের শরীরে করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ জনের করোনা পরীক্ষা করে একজনের মধ্যে রোগটি পাওয়া গেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জনের করোনা মিলেছে।
শেভরণে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ ও উপজেলার ২ জনের করোনা পাওয়া গেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে সাতকানিয়ার ১, আনোয়ারার ১, পটিয়ার ২, রাউজানের ২, ফটিকছড়ির ২, হাটহাজারীর ৪ ও সীতাকুণ্ডের ১ জন রয়েছেন।



