কক্সবাজার সংবাদদাতাঃ
কক্সবাজার জেলা কারাগারে ইয়াবা কারবারিদের মধ্যে মোটা অংকের লেনদেন নিয়ে হিসাব নিকাশে গড়মিল হওয়ায় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। তাদেরকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন একটি সূত্র।
জানা গেছে, কক্সবাজার জেলা কারাগারে বর্তমানে কমপক্ষে তিন হাজারের বেশী ইয়াবা কারবারি আটক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গত বছরের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ সীমান্তে এক যোগে আত্মসমর্পণ করা ১০২ জন কারবারি।
জেল সুপার মোস্তফা কামাল জানিয়েছেন, ৫৫০ জন বন্দির ধারণ ক্ষমতার কারাগারটিতে বর্তমানে ৪ হাজার ৩৭৫ জন বন্দি রয়েছেন।বন্দিদের মধ্যে চার ভাগের তিন ভাগই হচ্ছে ইয়াবা মামলার আসামি।
আত্মসমর্পণ করা কারবারিদের মধ্যে কক্সবাজার শহরের বাস টার্মিনালের বাসিন্দা শাহজাহান আনসারি এবং টেকনাফ সীমান্তের বাসিন্দা এনাম মেম্বারের মধ্যে লেনদেনের ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে কারাগারের অভ্যন্তরে উত্তেজনা বিরাজ করছিল। কারবারিদের এক দল কক্সবাজারের আনসারির অনুসারি এবং অন্য দল সীমান্তের এনাম মেম্বারের অনুসারি।
এ সব বিষয়ে কক্সবাজার জেলা কারাগারের তত্বাবধায়ক মোকাম্মেল হোসেন জানান, আমি শুনেছি ইয়াবার লেনদেনের অংক ২৭ লাখ টাকা। কারবারি এনাম মেম্বার এ অংকের টাকা শাহজাহান আনসারিকে দিয়েছেন দাবি করেন। আর শাহজাহান আনসারির দাবি তিনি কোন টাকা পাননি।
কারা তত্বাবধায়ক আরো বলেন, আত্মসমর্পণ করা ১০২ জন কারবারির বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলা নিষ্পত্তির জন্যই কারবারিরা এ অংকের টাকা লেনদেন করছিলেন। তত্বাবধায়ক বলেন, দুই পক্ষে মারামারি হলেও তবে কেউ আহত হননি। বর্তমানে পরিস্থিতি ভাল রয়েছে।